গাজীপুরে মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে একটি স্পিনিং মিলে ববিন মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার মৌচাক এলাকার ‘হানিফ স্পিনিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে বলে কারখানার ব্যবস্থাপক মো. শামিম হোসেন জানান।
নিহত মাহমুদা আক্তার (১৯) রংপুরের কাউনিয়া থানার পূর্ব রাজিবপুর এলাকার আপেল মিয়ার স্ত্রী। কালিয়াকৈরের রাখালিয়ার চালা বৌ বাজার এলাকায় তারা ভাড়া থাকতেন।
কারখানার কর্মীদের বরাত দিয়ে শামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে কাজ করার সময় সুতা প্যাঁচানোর ববিনে মাহমুদার ওড়না জড়িয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে যায়।
মেশিন থামিয়ে গুরুতর অবস্থায় মাহমুদাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শামিম জানান।
