সিলেট সার্কিট হাউসে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু
সিলেট সার্কিট হাউসের ‘ভিভিআইপি’ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বুধবার রাত থেকেই কমিটি কাজ শুরু করেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন জানিয়েছেন।
বুধবার দুপুরের আগে সার্কিট হাউজের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে দ্বিতীয় তলার দুটি ভিভিআইপি কক্ষের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক লাইনও ক্ষতিগ্রস্ত হয়।
ওই দুটি কক্ষ সিলেট আসা ঊর্ধ্বতন ব্যক্তিরা ব্যবহার করে থাকেন বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সিলেট সফর করা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের সেখানে ওঠার কথা ছিল।
