২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সার্কিট হাউসের ‘ভিভিআইপি’ কক্ষে অগ্নিকাণ্ড

সিলেট সার্কিট হাউসের দুটি কক্ষ আগুনে পুড়ে গেছে, যেখানে প্রধান বিচারপতি ও তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ওঠার কথা ছিল বলে জেলা প্রশাসন জানিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 05:32 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন জানান, বুধবার দুপুরের আগে সার্কিট হাউজের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

“আগুনে দ্বিতীয় তলার দুটি ভিভিআইপি কক্ষের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক লাইনও ক্ষতিগ্রস্ত হয়।”

জেলা প্রশাসক জানান, বেলা ১১টার দিকে সার্কিট হাউসের নতুন ভবনের একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়।

“ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ২০১ ও ২০২ নম্বর ভিভিআইপি কক্ষের সব আসবাবপত্র ও ইলেকট্রনিক যন্ত্র পুড়ে যায়।”

জেলা প্রশাসক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সার্কিট হাউজের ওই দুটি কক্ষ সিলেট আসা ঊর্ধ্বতন ব্যক্তিরা ব্যবহার করে থাকেন।

আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সিলেটে আসা প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকেরও সেখানে ওঠার কথা ছিল।

কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় তারা সরাসরি অনুষ্ঠানস্থলে চলে যান বলে কর্মকর্তারা জানান।