প্রধান বিচারপতির গ্রামের বাড়িতে ‘বোমাসদৃশ’ বস্তু
প্রধান বিচারপতি এসকে সিনহার মৌলভীবাজারের বাড়িতে ‘বোমাসদৃশ’ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে থানার ওসি এনামুল হক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রধান বিচারপতির বাড়িতে পুলিশ গেছে।
“ওই বস্তুটি বোমা না কিনা তা পরীক্ষার জন্য সিলেট থেকে বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।বস্তুটি ঘটনাস্থলে পুলিশের হেফাজতে রয়েছে।”
প্রধান বিচারপতির ওই বাড়িতে একজন তত্ত্বাবধায়ক ছাড়া তার পরিবারের কেউ থাকে না বলে জানান ওসি এনামুল।
এর আগে ২০১৩ সালের ১১ ডিসেম্বর যুদ্ধাপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় দেওয়া আপিল বেঞ্চের সদস্য বিচারপতি এস কে সিনহার এই বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
পেট্রোল ঢেলে বসত ঘরের বারান্দায় আগুন দিলে একটি ঘরের কাঠের জানালা ও চেয়ার পুড়ে যায়।
