২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি সিনহার গ্রামের বাড়িতে আগুন

কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় দেয়া আপিল বেঞ্চের সদস্য বিচারপতি এস কে সিনহার মৌলভীবাজারের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে জামায়াত শিবির কর্মীরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন দেবনাথ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি জানান, ভোরে দুর্বৃত্তরা এসে পেট্রোল ঢেলে বসত ঘরের বারান্দায় আগুন দেয়। এতে একটি ঘরের কাঠের জানালা ও চেয়ার পুড়ে যায়।

ওই ঘরে রাতে ঘুমিয়ে ছিলেন বিচারকের এক আত্মীয়া।  ফায়ার ব্রিগেড পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলে জানান ওসি।

বিচারপতি সিনহার ভাইয়ের স্ত্রী লক্ষ্মীরানী সিনহা সাংবাদিকবদের বলেন, জামায়াত-শিবির কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে।

“বিষয়টি টের পেয়ে আমরা জেগে উঠলে একটি রামদা ফেলে রেখে তারা পালিয়ে যায়।”

মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম, কমলগঞ্জের ইউএনও জাহিদুল ইসলাম মিয়া ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বলে ওসি জানান। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আপিলের রায়ে গত ১৭ সেপ্টেম্বর জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলকে মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে পাঁচ বিচারকের বেঞ্চ ওই ফাঁসির রায় দেয়, বিচারপতি এস কে সিনহাও তার সদস্য ছিলেন।

সরকারের পক্ষ থেকে মঙ্গলবার মধ্যরাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘোষণা দেয়া হলেও শেষ মুহূর্তে চেম্বার বিচারপতির আদেশে তা স্থগিত হয়ে যায়।

রায় কার্যকরের বিরোধিতা করে এবং কাদের মোল্লার মুক্তির দাবিতে গত দুদিনের মতো বুধবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে তার দল জামায়াতে ইসলামী।