২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রাণের কারখানায় গণ্ডগোল

শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে নাটোরের তেবাড়িয়া এলাকায় প্রাণ এগ্রো কারখানায় গেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 01:47 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বুধবার রাত ৯টার দিকে ওই কারখানার ভেতরে সহস্রাধিক শ্রমিকের বিক্ষোভের খবর পাওয়া যায়। এর পরপরই অর্ধ শতাধিক পুলিশ অবস্থান নেয় কারখানার ফটকে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলে নাটোরের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।

প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, শ্রমিকদের সঙ্গে ভুল ‘বোঝাবুঝি’ হয়েছিল। সমস্যা মিটে যাচ্ছে।

এই কারখানাটিতে এক হাজার ৩০০ শ্রমিক কাজ করেন।

কারখানার সবকটি ফটক ভেতর থেকে বন্ধ থাকায় ভেতরকার পরিস্থিতি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

ভেতরে থাকা নাহিদ হোসেন নামে এক শ্রমিক মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন নিয়ে জটিলতায় সহস্রাধিক শ্রমিক ভেতরে বিক্ষোভ করছেন।

তার সঙ্গে কথা বলার সময় শুধু চিৎকার ও চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল।

প্রাণের কর্মকর্তা সাজ্জাদ বলেন, ‘কম্পিউটার সিস্টেমে’ ত্রুটির কারণে শ্রমিকদের বেতন কম হয়েছিল। তাতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে কারখানা বন্ধ ঘোষণা করে শ্রমিকদের বাইরে চলে যেতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “অনেকে চলে গেছেন। শ্রমিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।”

পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, সেখানে দুই গাড়ি পুলিশ পাঠানো হয়েছে। যে কোনো উপায়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।