টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন; আহত হন অন্তত ১০ জন।
বুধবার বিকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে জোকারচরের কামাক্ষার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তিনজন হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিলের আবু আহম্মেদ মিয়ার ছেলে পিকআপ চালক রাজু আহম্মেদ (৩৫), কালিহাতীর আফজালপুর গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুর রহমান (৩৮) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুরের খাদেমুল ইসলাম।
নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সালমা পরিবহনের যাত্রীবাহী একটি বাস কামাক্ষার মোড়ে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি বলেন, ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালকসহ তিন জন নিহত হন। একজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর।”
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাহ আলী।
