২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসদাচরণের প্রতিবাদ করায়’ যুবকের মাথা থেঁতলে দিল পুলিশ

সিরাজগঞ্জে দোকানির সঙ্গে ‘অসদাচরণের প্রতিবাদ করায়’ এক যুবকের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 02:48 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

মঙ্গলবার রাতে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার জানান ।

আহত হীরা (২২) হোসেনপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন হীরা বলেন, “মেলার এক দোকানির সঙ্গে অসদাচরণ করেছিলেন তিন পুলিশ সদস্য। এর প্রতিবাদ করলে তারা ইট দিয়ে আমার মাথায় আঘাত করেন।”

ঘটনার পরপরই কনস্টেবল সুমন, শামীম ও আরিফুলকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে ফেরত পাঠানো হয়েছে বলে জানান এএসপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজশাহী রেঞ্জ থেকে কিছু অতিরিক্ত পুলিশ সিরাজগঞ্জে মেলায় দায়িত্ব পালনের জন্য আনা হয়েছিল।

“হীরাকে মারধরের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তিন কনেস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।”