গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, মঙ্গলবার ভোরে সাইনবোর্ড এলাকায় ‘প্রীতি সোয়েটার্স’ কারখানায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ভোর ৪টার দিকে কারখানার আট তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কারখানার পোশাক, যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি হাসিবুর।
প্রীতি গ্রুপের ব্যবস্থাপক তারিক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানার নিটিং শাখার ৫০-৬০টি মেশিন পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ হিসাব করতে সময় লাগবে।”
