গির্জায় ডাকাতি: অস্ত্র ও গুলিসহ আরেক ডাকাত গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গির্জায় ডাকাতির ঘটনায় অস্ত্র ও গুলিসহ আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাতিভাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজেল ইসলাম মিরা (৪৫) গ্রামের হাফেজ মন্ডলের ছেলে।
তিনি ডাকাত দলের সর্দার। তার কাছ থেকে একটি দেশীয় শাটারগান ও ২ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানান ওসি।
ওসি লিয়াকত হোসেন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে মিরাজেলকে গ্রেপ্তার করা হয়। তার বসত ঘরে থাকা পলিথিনের ব্যাগ থেকে একটি দেশীয় শাটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত রোববার রাতে ১০/১৫ জন ডাকাত দল কার্পাসডাঙ্গায় ক্যাথলিক গির্জার প্রহরীকে বেঁধে রেখে ভেতরে ঢুকে নগদ দুই লাখ টাকা, একটি এয়ারগান ও একটি মোবাইল ফোন লুট করে। এছাড়া তারা গির্জার জিনিসপত্র ভাংচুর ও ৩ সিস্টারকে মারধর করে।
