টাঙ্গাইলে নিখোঁজ শিশুর বাবাকে ‘হত্যার হুমকি’
টাঙ্গাইলে চার মাস আগে হোস্টেল থেকে নিখোঁজ হওয়া শিশু পারভেজের বাবাকে মামলার আসামিরা হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নিখোঁজ হাসান পারভেজের বাবা সৌদি প্রবাসী খোরশেদ আলম।
সপ্তম শ্রেণির ছাত্র পারভেজ টাঙ্গাইল পৌর এলাকার হাউজিং এস্টেট মাঠের রফিক রাজু ক্যাডেট একাডেমির আবাসিক ভবন থেকে চার মাস সাত দিন আগে নিখোঁজ হয়।
পরে একাডেমির ব্যবস্থাপনা পরিচালক রাইজ উদ্দিন রাজুসহ ছয়জনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন পারভেজের মা পারভীন বেগম।
এ ঘটনায় রাজু, শিক্ষক আল আমিন ও দারোয়ান নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে খোরশেদ আলম অভিযোগ করেন, “মামলার পর থেকে একাডেমির প্রভাবশালী ব্যক্তিরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যাচ্ছে।”
