সাত খুন: বিচার শুরুর পর উদ্বেগ সাক্ষীদের নিরাপত্তা নিয়ে
নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় বিচার শুরুর পর সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তাদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর তার ‘ক্যাডার বাহিনী’ মামলার প্রতিটি ধার্য দিনে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে সাক্ষীদের জন্য ‘ভয়ের পরিবেশ’ তৈরি করছে বলে তার অভিযোগ।
এছাড়া মামলার বাদী হিসেবে তাকে ও তার পরিবার সদস্যদের সবসময় হুমকি-ধমকি দেওয়াসহ ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন স্বামীর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিউটি।
আদালতে বিচার শুরুর একদিন পর মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নূর হোসেন দেশে আসার পর থেকে তার পালিয়ে থাকা ক্যাডার বাহিনী আমার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে; মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
“যেখানে আমরা মামলার বাদী- আমাদেরকেই হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সেখানে এই মামলার সাক্ষীরা কীভাবে আদালতে সাক্ষ্য দিতে আসবে?”
তার এই প্রশ্নের উত্তরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শঙ্কার কিছু নেই। মামলার বাদী, সাক্ষীসহ প্রত্যেককে নিরাপত্তা দেওয়া হবে; প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।”
কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার দেড় বছরের বেশি সময় পর সোমবার এ ঘটনায় করা দুই মামলার বিচার শুরুর আদেশ হয়েছে, ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ।
হত্যাকাণ্ডের প্রায় এক বছরের তদন্ত শেষে ২০১৫ সালের ৮ এপ্রিল নূর হোসেন এবং মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা তারেক সাঈদসহ র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে নিয়ে মোট ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ওই সাতজনের লাশ ভেসে ওঠে; এরপর নজরুলের স্ত্রী বিউটি ও আইনজীবী চন্দনের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা থানায় ওই দুই মামলা করেন।
স্বামীর লাশের সামনে বিউটির আহাজারি
স্বামী হত্যার বিচার চেয়ে এক সংবাদ সম্মেলনে
বিউটির মামলার পর তার বাবা র্যাবের বিরুদ্ধে অভিযোগ করেন, যা নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় বয়ে যায়। তিনি বলেন, সিটি করপোরেশনের তৎকালীন কাউন্সিলর নূর হোসেন টাকার বিনিময়ে র্যাব সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলেও সেদেশের পুলিশের হাতে ধরা পড়েন। পরে ২০১৫ সালের ১২ নভেম্বর সরকার তাকে দেশে ফিরিয়ে আনে।
মামলায় বিচার কাজ শুরুর আগে হাজিরার দিনগুলো থেকেই সাক্ষীদের জন্য ‘প্রচ্ছন্নভাবে’ ভয়ের পরিবেশ তৈরি করা হয় বলে অভিযোগ করেন বিউটি।
তিনি বলেন, “মামলার ধার্য তারিখে আগে থেকে নূর হোসেনের ক্যাডার বাহিনী প্রবেশপথসহ আদালত প্রাঙ্গণ ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে মহড়া দিতে থাকে। দুই থেকে তিন হাজার লোক নিয়ে আদালত প্রাঙ্গণের সামনের মিছিল ও মানববন্ধন করে। সেখানে ভীতিকর অবস্থা সৃষ্টি করা হয়।
“খুনির মুক্তির দাবি জানিয়ে আদালতের সামনে এরকম মিছিল-মানববন্ধন করা হলে মামলার যারা সাক্ষী- তারা কি সাক্ষ্য দিতে আসবে? আর আসলেও তাদের নিরাপত্তা কোথায়?”
নূর হোসেন
তারেক সাঈদ মোহাম্মদ
ন্যায় বিচার পাওয়া নিয়ে ‘সংশয়’ তৈরি হয়েছে মন্তব্য করে বিউটি বলেন, “তাদের এগুলো করার মানে কী? তারা বোঝাতে চায়, সবকিছু তাদের নিয়ন্ত্রণে; আর হচ্ছেও তাই।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক নজরুলের মতো নূর হোসেনও একই দলের সমর্থন নিয়ে কাউন্সিলর হয়েছিলেন। হত্যাকাণ্ডের পর কাউন্সিলরের পদের সঙ্গে দলীয় পদও হারান তিনি।
বিউটি বলেন, “নূর হোসেনের ভাতিজা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহজালাল বাদল ও তার লোকজন আমাদের সব সময় ফলো করে। আদালতের ভেতরেও তারা আমাদের ফলো করে। আমরা কোথায় যাই, আমাদের বাড়িতে কে আসে- তাদের অনুসরণ করা হয়। আমরা এতে আতঙ্কে আছি।”
মামলার এজাহারভুক্ত আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া ও আমিনুল ইসলাম রাজু ‘হয়রানি করতে’ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে বলে অভিযোগ তার।
বিউটির মামলার এজাহারে ইয়াসিন ও রাজুসহ পাঁচজনের নাম থাকলেও তদন্ত শেষে ডিবির অভিযোগপত্রে তাদের বাদ দেওয়া হয়।
খুন করা হয়েছিল এদের
নদী থেকে তোলা হচ্ছে লাশ
মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদি এই ধরনের ঘটনা অব্যাহত থাকে, তাহলে সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে আসবে না।”
এছাড়া মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে না থাকার জন্য বিভিন্ন মহল থেকে তাকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এই সাবেক সভাপতি।
এ অব্স্থায় সাক্ষ্য সুরক্ষা আইন অনুযায়ী মামলার সাক্ষী ও আইনজীবীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি।
এ ধরনের মামলায় বাদী ও সাক্ষীদের শঙ্কা থাকার বিষয়টি স্বীকার করে ‘খুব তাড়াতাড়ি’ সাক্ষ্য নেওয়ার চেষ্টা করা হবে বলে জানান নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউপর (পিপি) ওয়াজেদ আলী খোকন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত এই মামলার তারিখের আগেই আমি সংশ্লিষ্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করি। আদালতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়।”
মামলার বাদী ও সাক্ষীরা আদালতে আসতে নিরাপত্তাহীন বোধ করলে তাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
