সাত খুন: নজরুলের স্বজনদের কাছে ‘চাঁদা দাবি’
নারায়ণগঞ্জে সাত খুন মামলার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া আওয়ামী লীগ নেতা ইয়াছিন মিয়ার বিরুদ্ধে নিহত নজরুল ইসলামের স্ত্রী ও স্বজনদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
শুক্রবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ায় নজরুল ইসলামের বাসায় এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও নারায়ণগঞ্জ সিটি সরপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি এ অভিযোগ করেন।
এ সময় নরুজল ইসলামের ছোট ভাই আব্দুস সালামও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সেলিনা লিখিত বক্তব্য পাঠ করেন।
বিউটি অভিযোগ করেন, এ মামলার এজাহারভুক্ত আসামী ইয়াছিন মিয়া ও আমিনুল রাজু ১৫ মাস পর এলাকায় ফিরে তার বাবা (নজরুলের শ্বশুর), ভাই, দেবর (নজরুলের ছোট ভাই), ভাগিনা, মামা শ্বশুর ও অন্যান্য আত্মীয়-স্বজনদের নামে তিনটি মিথ্যা মামলা দায়েরে করেছেন।
ওই তিন মামলায় যাদের আসামি করা হয়েছে তারা ৭ খুন মামলার সাক্ষী বলে জানান সেলিনা।
সেলিনা বলেন, “সাত খুন মামলা থেকে রেহাই পেতে ইয়াছিন মিয়ার ১২ কোটি টাকা খরচ হয়েছে। এই ১২ কোটি টাকা আমাদেরকেই দিতে হবে। ইয়াছিন মিয়ার লোকজন আমাদের কাছে এসে এ ১২ কোটি টাকা চাঁদা দাবি করেছে।”
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামীসহ ৭ জনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠার পর ভাই, বোন, বাবা, দেবর ও অন্যান্য আত্মীয়-স্বজন সবাই নদীর পাড়ে ছিলেন।
“আপনজন হারিয়ে আমরা শোকে কাতর ছিলাম। তখন লাশ উদ্ধার, ময়নাতদন্ত ও লাশ দাফনের কাজে নিয়োজিত ছিলাম।”
তিনি বলেন, ওই অবস্থায় নুর হোসেন, ইয়াছিন, হাসু, রাজু ইকবালের পাম্পে আগুন ও মাদক সাম্রাজ্যে তার স্বজনদের পক্ষে হামলা করা কখনও সম্ভব ছিল না।
সাংবাদিকদের ভিডিও ফুটেজ পরীক্ষা করলেই দেখা যাবে যে সেখানে বিক্ষুব্ধ সাধারণ মানুষই হামলা করেছিল, বলেন তিনি।
“গত বছর মে মাসে থানা আওয়ামী লীগের সভায় ইয়াছিন মিয়াকে বহিষ্কার করা হয়েছিল। ১৫ মাস পর পলাতক থেকে এখন প্রকাশে এসে থানা আওয়ামী লীগের পরিচয় দিয়ে আমাদের বাবা, ভাই, দেবর, মামা শ্বশুর, ভাগিনা ও অন্যান্য আত্মীয় স্বজনদের হুমকি দিচ্ছে।
“আমার নিহত স্বামী নজরুলের কর্মী অন্তর, ফাহিম, রাব্বি, জিদান ও শফিসহ ৭ জনকে তারা মারধর করেছে। এক বছর আগের সিএনজি পাম্প পোড়া ও বাড়িতে হামলার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”
সেলিনা বলেন, “আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে, বলছে নজরুলের মতো বালিশ ছাড়া শোয়াবে।
“তাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমাদেরকে এই অত্যাচারীদের হাত থেকে বাঁচান। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার স্বামী নজরুল ইসলাম শিক্ষা জীবন থেকে শুরু করে জীবনে শেষ নিশ্বাস পর্যন্ত আওয়ামী লীগ করে গেছেন। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে, অভিযোগ অস্বীকার করে ইয়াসিন মিয়া জানান, নিহত নজরুলের পরিবার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল, যেটা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
তিনি হুমকি ধামকি দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরকে হয়রানি করার জন্যই চাঁদাবাজির অভিযোগ আনা হচ্ছে।
গত বছরের ২৭ এপ্রিল নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
