টাকা লুটের অভিযোগে কালিয়াকৈরের এসআই প্রত্যাহার
গাজীপুরের কালিয়াকৈর থানার এসআই মো. হাসান আলীকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে, যার বিরুদ্ধে আসামি ধরতে গিয়ে ক্যাশবক্স থেকে টাকা লুটের অভিযোগ আছে।
জেলা পুলিশ লাইন্স রিজার্ভ-১-এর কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ সুপারের নির্দেশে সোমবার বিকেল সাড়ে ৩টায় হাসান আলীকে জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৩টায় কালিয়াকৈর উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় অফিসের ক্যাশবক্স থেকে সাড়ে ৩ লাখ টাকাসহ সফিকুল ইসলাম ও তার চার বন্ধুকে আটক করেন এসআই হাসান আলীসহ তিন পুলিশ সদস্য।
গত ২ ফেব্রুয়ারি ‘জুয়া খেলার অপরাধে’ ভ্রাম্যমাণ আদালত তাদের পাঁচজনকে ১০০ টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেন। কিন্তু পরে পুলিশ তাদের ক্যাশবাক্স থেকে নেওয়া টাকা ফেরত দেয়নি।
সফিকের অভিযোগ, টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন মামলায় আসামি দেবে বলে হুমকি দেওয়া হয়।
গত ৩ ফেব্রুয়ারি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন সফিকুল ইসলাম।
এসআই হাসান আলী টাকা নেওয়ার কথা সত্যি নয় বলে দাবি করেন।
