২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাত ভাইকে পিটিয়ে হত্যা

ফেনীর সোনাগাজী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাত ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বৃহস্পতিবার বিকেলে পালগিরি গ্রামের দিনমুজুর আহসান উল্লাকে (৪০) হত্যা করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।

নিহত আহসানের স্ত্রী জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৈতৃক এক জমির দখল নিয়ে বিরোধ ছিল দুই ভাই মোহাম্মদ মোস্তফা (৩৮) ও মাঈন উদ্দিনের (৩৫) মধ্যে।

“বৃহস্পতিবার সকালে ওই জমি থেকে আলু তোলার জন্য নিহত আহসানকে দিনমজুর হিসেবে নিয়োগ করেন মোস্তফা। কিন্তু ওই জমির অপর দাবিদার মাঈন আহসানকে কাজে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।”

বিকেলে মাঈন উদ্দিন আকস্মিকভাবে আহসানের উপর হামলা চালিয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন বলে জেসমিনের অভিযোগ।

আহত আহসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জেসমিন জানান।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, নিহতের স্ত্রী জেসমিন আক্তার সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করার পর প্রধান আসামি মাঈনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।