‘মাছ চুরির অপরাধে গোপালগঞ্জে পিটিয়ে হত্যা’
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ‘মাছ চুরির অপরাধে’ একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ননীক্ষির গ্রামের কুটি মিয়া সিকদারের ছেলে ফতেহ আলী (৪৫) সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফতেহর ভাই শুকুর আলী সিকদার অভিযোগ করেন, শনিবার রাতে ননীক্ষির গ্রামের ওমর শেখের পুকুর থেকে মাছ চুরি হয়।
“রোববার সকালে মাছ ধরার একটি জাল ফতেহ আলীর বাড়ির সামনে পাওয়া যায়। ফতেহ মাছ চুরি করেছে বলে অপবাদ দিয়ে মারপিট করেন ওমর শেখ ও তার চাচাত ভাই লিটন।”
প্রথমে তারা তাকে হাসপাতালে নিতে বাধা দেন বলেও অভিযোগ করেন শুকুর আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে ফতেহ গুরুতর অসুস্থ হলে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অননতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ফতেহ রাতে মারা যান।
ননীক্ষির ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, “ফতেহ আলী চোর নয়। সে দিনমজুরি করত। নিরীহ প্রকৃতির লোক।”
ফতেহ আলীর স্ত্রী মামলা করবনে বলে চেয়ারম্যান জানান।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। মামলা বা অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
