‘চাকরির প্রলোভনে ধর্ষণ’, গ্রেপ্তার ২
চাকরির প্রলোভনে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মচারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সহকারী পুলিশ সুপার ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র জানান, রোববার রাতে সিলেট নগরীর ধোপাদিঘির পাড় ও নরসিংদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন নগরীর শাহপরাণ এলাকার কন্টাই নমের ছেলে লিটন আহমদ (৩৯) ও একই এলকার চুন্নু মিয়ার ছেলে সাজু ওরফে শামসুল ইসলাম (৩০)।
শামসুল সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে লিটন ও শামসুলের বিরুদ্ধে মামলা করেছেন বলে এএসপি ধীরেন্দ্র জানান।
(প্রতীকী ছবি)
মামলার বরাত দিয়ে ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি দেওয়ার নাম করে গত বছর ২৯ ডিসেম্বর ওই কিশোরীকে অপহরণ করে লিটন ও সাজু।
“পরে মেয়েটিকে ধর্ষণের পর বিবস্ত্র অবস্থার ভিডিও ধারণ করে তারা।”
তিনি বলেন, এর তিনদিন পর ১ জানুয়ারি মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয় লিটন ও সাজু। ফিরে আসার পর মামলা করতে চাইলে লিটন ও সাজু মেয়েটির পরিবারকে নানাভাবে হুমকি দেয়।
“উল্টো মেয়েটির পরিবারকে চাপে রাখতে তাদের কয়েকজনের নামে গোয়াইনঘাট থানায় একটি ডাকাতির মামলা করা হয়। এ মামলার তদন্ত শুরু হলে মেয়েটিকে অপহরণ ও নির্যাতনের বিষয়টি প্রকাশ পায়।”
ওইদিনই মেয়েটি লিটন ও শামসুলের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ধীরেন্দ্র।
