এক ঘণ্টা পর ফের বিকল একতা এক্সপ্রেস
বিকল একতা এক্সপ্রেস মেরামত ও যোগাযোগ শুরুর এক ঘণ্টা পর কিছুদূর গিয়ে লাইনচ্যুত হয়েছে ট্রেনটির দুটি চাকা। এরপর থেকে চলাচলা আবার বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে জয়দেবপুর রেল জংশনের অদূরে ক্রসিং এলাকায় ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া ।
ঢাকা থেকে আসা একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ জানিয়েছে।
এর আগে ৫/৬ কিলোমিটার দূরে মীরেরগাঁও এলাকায় সকাল সোয়া ৮টায় ট্রেনটির একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে গেলে ঢাকার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চল ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর দুই ঘণ্টা পর মেরামত শেষে যোগাযোগ শুরু হয়।
সকালে জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানিয়েছিলেন, সকাল সোয়া ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ও মৌচাক স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছলে প্রথম শ্রেণির একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে যায়।
“ওই অবস্থায় চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেনটি গাজীপুর সিটির মীরেরগাঁও এলাকায় থামানো হয়। এতে ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
“জয়দেবপুর থেকে মেরামতকারী দল গিয়ে ভেঙ্গে যাওয়া পিন ও স্প্রিং জোড়া লাগানোর পর ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায়।”
এ সময়ের মধ্যে জয়দেবপুর জংশনে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, টঙ্গী জংশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, মৌচাক স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, মির্জাপুর স্টেশনে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস, মহেরা স্টেশনে ঢাকাগামী চাঁপাই মেইল ট্রেন আটকা পড়ে।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, মেরামতেরর পর ট্রেনটি আবার ঢাকা অভিমুখে চলা শুরু করে।
“মীরেরগাঁও থেকে ৫/৬ কিলোমিটার দূরে জয়দেবপুর রেলক্রসিংয়ে ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।”
বিভিন্ন জংশন ও স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো এখনও গন্তব্যের দিকে যেতে পারেনি বলে জানান দাদন মিয়া।
দাদন মিয়া আরও বলেন, সকাল ৯টার দিকে জয়দেবপুর জংশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সোয়া ১০টার দিকে শেষ হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তিনি বলেন, ওই সময় ঢাকা থেকে রওয়ানা দেওয়া উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই মেরামতের কাজ শেষ হয়। কিন্তু দ্বিতীয়বার দুর্ঘটনার পর তারা উদ্ধার কাজ শুরু করেন।
