২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘণ্টা পর পূর্ব-পশ্চিম ট্রেন চলাচল শুরু

ট্রেন বিকল হয়ে বন্ধ হওয়ার দুই ঘণ্টা পর পশ্চিমের সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 10:59 AM

Updated : 20 Aug 2022, 11:43 AM

ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে গেলে শুক্রবার সকাল সোয়া ৮টা থেকে ঢাকার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চল ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মেরামতেরর পর বেলা সোয়া ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ও মৌচাক স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছলে প্রথম শ্রেণির একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে যায়।

“ওই অবস্থায় চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেনটি গাজীপুর সিটির মীরেরগাঁও এলাকায় থামানো হয়। এতে ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।”

জয়দেবপুর থেকে মেরামতকারী দল গিয়ে ভেঙ্গে যাওয়া পিন ও স্প্রিং জোড়া লাগানোর পর ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায় বলে জানান তিনি।

শহীদুল ইসলাম জানান, এ সময়ের মধ্যে জয়দেবপুর জংশনে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, টঙ্গী জংশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, মৌচাক স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, মির্জাপুর স্টেশনে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস, মহেরা স্টেশনে ঢাকাগামী চাঁপাই মেইল ট্রেন আটকা পড়ে।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকাল ৯টার দিকে জয়দেবপুর জংশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সোয়া ১০টার দিকে শেষ হয়।

এর আগে ঢাকা থেকে রওয়ানা দেওয়া উদ্ধারকর্মীদের আর প্রয়োজন হয়নি বলে জানান তিনি। 

পুরনো খবর:

গাজীপুরে ট্রেন বিকল: পশ্চিম থেকে বিচ্ছিন্ন পুব