২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরে এ বছর আগের চেয়ে বেশি পাখি

পাখি শুমারিতে এবার গত বছরের চেয়ে বেশি পাখির দেখা মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যারা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 10:37 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলের হাওরে বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা পাখি জরিপ চালান।

হাকালুকি হাওরে ৫৬ প্রজাতির ৩৪ হাজার ২৬৪টি পাখি, হাইল হাওরের বাইক্কাবিলে ১৬ প্রজাতির পরিযায়ী আর ২২ প্রজাতির দেশীয় মোট ৮ হাজার ৮৩২টি জলচর পাখি এবং টাঙ্গুয়ার ৯টি বিলে ৩০ প্রজাতির এক লাখ দুই হাজার পাখির সন্ধান পেয়েছেন বলে বার্ড ক্লাবের সদস্যরা জানিয়েছেন।

‘এশিয়ান ওয়াটার বার্ড সেনসাস সাউথ এশিয়া’ (আই ইউ সি এন)-এর সহযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশের পাখি প্রেমিকরা প্রতি জানুয়ারিতে এ শুমারি চালিয়ে থাকেন। এই কর্মসূচির আওতায় বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটি স্থানে এ শুমারি করে আসছেন বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা।

গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওর, কুলাউড়ার হাকালুকি হাওর, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে এ জরিপ চালান তারা।

২৫ ও ২৬ জানুয়ারি হাকালুকি হাওরাঞ্চলে পাখিশুমারির পর বুধবার কুলাউড়ায় বাংলাদেশ বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক সাংবাদিকদের বলেন, “এ বছর হাকালুকি হাওরের ৪২টি বিলে ৫৬ প্রজাতির ৩৪ হাজার ২৬৪টি পাখি দেখা গেছে, যা গত বছরের চেয়ে ১২ হাজার ৬৩৩টি বেশি।”

এর আগে তারা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কাবিলে শুমারি করা হয়।

টাঙ্গুয়ার ৯টি বিলে ৩০ প্রজাতির এক লাখ দুই হাজার পাখি গণনা করা হয়েছে বলে জানান ইনাম আল হক।

এই ক্লাবের সহসভাপতি পল থম্পসন বাইক্কা বিলে পাখি জরিপে অংশ নেন।

সেখানে এ বছর ৩৮ প্রজাতির পরিযায়ী ও দেশীয় জলচর পাখির দেখা মিলেছে। এর মধ্যে ১৬ প্রজাতির পরিযায়ী পাখি আর ২২ প্রজাতির স্থানীয় দেশীয় জলচর পাখি রয়েছে। বাইক্কাবিল অভয়াশ্রমে পরিযায়ী ও দেশীয় বিভিন্ন প্রজাতির ৮ হাজার ৮৩২টি জলচর পাখি গণনা করা হয়েছে বলে জানান জরিপকারীরা।

বাইক্কা বিলে ২০১৫ সালের শুমারিতে ৬ হাজার ৯৯১টি জলচর পাখি দেখা পেয়েছিলেন তারা।

গত ৩০ বছর ধরে বাংলাদেশে পাখি জরিপ হয়ে আসছে। আর এশিয়ায় এই শুমারি চালু ৫০ বছর আগে।

জরিপ চালানোর সময় পাখি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন পাখির পায়ে রিং পরিয়েও থাকেন তারা।

এই ক্লাবের অপর সহসভাপতি তারেক অণু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাকালুকি হাওরে ২৫ প্রজাতির প্রায় ৩৫০ পাখিকে রিং পরানো হয়েছে। এর আগে টাঙ্গুয়ার হাওরে চার প্রজাতির ২০টি হাঁসের পায়ে রিং পরান তারা।

জরিপে গতবারের চেয়ে সামান্য বেশি পাখি পাওয়ার বিষয়ে তারেক অণু বলেন, ‘পাখি বৃদ্ধির নানান কারণ থাকতে পারে। নির্দিষ্ট করে কোনো কারণ বলা যাচ্ছে না।”

তিনি জানান, এসব পাখির মলের কারণে বিলে মাছের খাদ্য ও জলজ উদ্ভিদ বৃদ্ধি পেয়ে থাকে।

‘পাখি বৃদ্ধি ধরে রাখতে পারলে, পাখির জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারলে হাওর থেকে বেশি বেশি মাছ পাওয়া সম্ভব।’