নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
নীলফামারীর জলঢাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন।
শনিবার জলঢাকা পৌর এলাকার দুন্দিবাড়ি গ্রামের মোবুর পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম।
নিহতরা হলেন জলঢাকা পৌর এলাকার দুন্দিবাড়ি আহেলার বাজার এলাকার লাভলু হোসেন (২৫) ও তার ভাতিজা দুন্দিবাড়ি এস সি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শাহিনুর রহমান (১৪)।
ওসি বলেন, চাচা-ভাতিজা মোটরসাইকেলে করে বাড়ি থেকে জলঢাকা শহরে আসছিলেন। পথে দুন্দিবাড়ি এলাকার মোবুর পুকুর এলাকায় মোড় ঘোরার সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা শিমুল গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
মোটরসাইকেলটি চাচা লাভলু হোসেন চালাচ্ছিলেন বলে জানান ওসি।
