২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে এবারের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 11:39 AM

Updated : 11 Oct 2022, 07:37 PM

পুরনো খবর:

চলছে আখেরি মোনাজাত

রোববার সকাল ১১টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় যা শেষ হয় সাড়ে ১১টা ৩৩ মিনিটে।

মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ।

মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নেয়।

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইজতেমা ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

আখেরি মোনাজাতের জন্য বাড়তি নিরাপত্তায় অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ ফোর্স (দুই শিফটের ফোর্স এক শিফটে) মোতায়েন করা হয়।

মোনাজাত শেষে ইজতেমাস্থল থেকে বাড়ি ফিরতে গেল বারের ন্যায় মুসল্লিদের জন্য বিনা ভাড়ার বিশেষ শাটল বাসের ব্যবস্থা করেছে গাজীপুর জেলা পুলিশ।

গত ১৫ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়ে রোববারই শেষ হচ্ছে বিশ্ব তাবলিক জামাতের বার্ষিক এই সম্মিলন। এর আগে ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। এই দুই পর্বে অংশ নেন ৩২ জেলার মুসল্লিরা।

এর বাইরে দেশের বাকি ৩২টি জেলার মানুষ আগামী বছর দুই পর্বে ইজতেমায় অংশ নেবেন।

রোববার সকালে সরেজমিন দেখা যায়, কুয়াশার মধ্যে আখেরি মোনাজাতে শরিক হতে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক মুসল্লি তুরাগতীরে জমায়েত হয়েছেন।

শনিবার রাত ও এর আগে থেকেই অনেকে ইজতেমা ময়দানে অবস্থান নিয়ে চটের সামিয়ানার নিচে বয়ান শুনছেন। ময়দান ভরে যাওয়ায় আশেপাশের অলিগলি ও রাস্তায় পাটি, খবরের কাগজ, পলিথিন বিছিয়ে তাতেই অবস্থান নিয়েছেন অনেকে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বলেন, রোববার ভোর থেকেই ইজতেমা ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, আখেরি মোনাজাতে বাড়তি নিরাপত্তার জন্য অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ ফোর্স (দুই শিফটের ফোর্স এক শিফটে) মোতায়েন করা হবে।

“প্রায় ১২ হাজার র‌্যাব ও পোশাকধারী পুলিশের পাশপাশি রয়েছে সাদা পোশাকে কয়েক হাজার গোয়েন্দা সদস্য। আকাশ ও নৌপথে রয়েছে র‌্যাবের সতর্ক নজরদারি।”