২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদদের নিয়ে খালেদার বক্তব্য: পাবনায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 03:19 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

মঙ্গলবার দুপুর ১২টায় পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তান সঙ্গে সুর মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে কটূক্তি করে খালেদা জিয়া অমার্জনীয় অপরাধ করেছেন। তার প্রশ্রয়েই পাবনাসহ সারাদেশে স্বাধীনতাবিরোধীরা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করার ধৃষ্টতা দেখাচ্ছে।

এ সময় বক্তারা খালেদা জিয়াকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে এক সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার আব্দুল বাতেনসহ বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাররা।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।

চলতি মাসের ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”

তার ওই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

এক আইনজীবী উকিল নোটিস পাঠিয়ে খালেদাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন এবং নড়াইলসহ বেশ কয়েকটি জেলায় বিএনপি চেয়ারপারসনের নামে মামলাও করা হয়।