২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নওগাঁয় এক নারী তার শিশুকন্যাকে ‘বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 08:46 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

নিহতরা হলেন রাণীনগর উপজেলার মালশন বলিদাগাছি গ্রামের ক্ষেতমজুর মকসেদ আলীর স্ত্রী কোহিনূর বেগম ও মেয়ে মুন্নি খাতুন (৬)।

রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মকসেদ আলী দ্বিতীয় স্ত্রী কোহিনূর। প্রথম স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে থাকেন তিনি।

“মকসেদ খোঁজখবর না নেওয়ায় মেয়েকে নিয়ে একই গ্রামে বাবার বাড়িতে থেকে অন্যের বাড়িতে কাজ করতেন কোহিনূর। তার হাঁপানি, হৃদরোগ ও ক্যান্সারসহ নানা দুরারোগ্য ব্যাধির কোনো চিকিৎসা হচ্ছিল না। এ কারণে তিনি এ পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।”

মুন্নির বড় বোন আরজিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বেলা ১১টার দিকে বাড়ির বাইরে খ্যাড়ের পালার সামনে মুন্নি ও মাকে শুয়ে থাকতে দেখি। এ সময় মুন্নি ‘ট্যাবলেট’ খাওয়ার কথা জানালে তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

“স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুন্নিকে বেলা ২টায় মৃত ঘোষণা করেন। মাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলেও ওই দিন বিকেল ৪টার দিকে মা-ও মারা যান।”

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।