২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের পাল্টাপাল্টি, সমাবেশ নিষিদ্ধ সিলেটে

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ছাত্রলীগের দুইপক্ষ একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় সিলেট নগরীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 10:20 AM

Updated : 20 Aug 2022, 11:30 AM

রোববার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।

তিনি বলেন, “একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের সভা-সমাবেশের উপর প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সিলেট জেলা ছাত্রলীগের দুই গ্রুপই সোমবার দুপুরে নগরীতে শোভাযাত্রা বের করার ঘোষণা দিয়েছে।

দুপুরে নগরীর রেজিস্টারি মাঠ থেকে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী গ্রুপ শোভাযাত্রা করার কর্মসূচি দেয়।

একই সময়ে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ।

দুই গ্রুপই কর্মসূচির কথা জানিয়ে লিফলেট বিলি করেছে।  

১০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার প্রায় ১৫ মাস পর গত ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ হয় সিলেট জেলা ছাত্রলীগের কমিটি।

কমিটি অনুমোদনের পর থেকেই পদ নিয়ে অসন্তোষ রয়েছে নেতাদের মধ্যে।