২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রজন্মকে উপযুক্ত পরিবেশ দিতে হবে: রাষ্ট্রপতি

দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নতুন প্রজন্মকে উপযোগী করে গড়ে তুলতে সরকারকে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 09:37 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

তিনি বলেছেন, “আজকের নবীনরাই আগামী দিনের সমাজ তথা দেশের উন্নতি ও মানবজাতির কল্যাণের জন্য এগিয়ে আসবে। এ লক্ষ্যে সরকারের দায়িত্ব হচ্ছে, নবীন প্রজন্মের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। আর এসব সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া।”

শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বাংলাদেশ ‘শিগগরিই মধ্য আয়ের দেশে পরিণত হবে’ আশাপ্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, “এ সময়ে আমাদের প্রয়োজন এমন একটি নতুন প্রজন্ম, যারা মেধা ও মননে দেশকে উন্নতি ও অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে।

“তাই জাতি গভীর আগ্রহে তাকিয়ে আছে নবীন ও তরুণ প্রজন্মের দিকে।”

দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (জেক্সকা) দ্বাদশ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুল হামিদ।

সংগঠনের সভাপতি এসকে মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, ছোটকাল থেকেই শিক্ষার্থীদেরকে গুণগত জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে সুযোগ্য ও দক্ষ কর্মীবাহিনী হিসেবে তৈরি করতে সরকার সীমিত সম্পদ নিয়ে দেশে ১২টি ক্যাডেট কলেজ পরিচালনা করছে।

“প্রাক্তন ক্যাডেটরা এর মধ্যেই মেধা ও যোগ্যতা দিয়ে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। তাই আমাদের গর্বের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাজ্যের শিক্ষার্থীরা শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করছে।”

সীমিত সাধ্যের মধ্যে দেশ ও সমাজ যে উন্নত ও সমৃদ্ধ শিক্ষা দিয়েছে, জাতি ও মানবকল্যাণে তা উজাড় করে দিতে তিনি ক্যাডেটদের প্রতি আহ্বান জানান।

নবীন ও প্রবীনদের এই মিলনমেলা, স্মৃতিচারণ, ভবিষ্যৎ কর্মজীবনের দিক নির্দেশনা ও সভা সেমিনারের মধ্য দিয়ে বর্তমান ক্যাডেটরা দেশ বিদেশে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনীর সঙ্গে পরিচিত হয়ে নিজেদের জ্ঞানভাণ্ডারকে দ্রুত সমৃদ্ধ করে দেশের কাজে লাগাবে বলে আশাপ্রকাশ করেন আবদুল হামিদ।

“প্রতিনিয়ত পরিবর্তন, নতুনত্ব ও অগ্রগতির কারণে বর্তমান বিশ্ব দিন দিন আরো চ্যালেঞ্জিং হচ্ছে। সেই সাথে পারস্পরিক একনিষ্ট সহযোগিতার উপর নির্ভরশীল হচ্ছে। নতুন বিশ্বের এই চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত লক্ষ্য এবং নীতিনির্ধারণ করা প্রয়োজন।”

সর্বদা ন্যায়বিচার ও মুক্তির বার্তা প্রচার করে দেশের সেবার অনুপ্রেরণা সৃষ্টির আহ্বান জানিয়ে ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের বলিষ্ট নেতৃত্বের মধ্যেই বাংলাদেশ খুঁজে পাবে তার উন্নয়নের সোপান”

বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি।

জেক্সকার সাধারণ সম্পাদক সা ম মাহবুব আলীম ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।