সিদ্ধিরগঞ্জে জুসের কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি জুস তৈরির কারখানায় আগুন লেগে উৎপাদন সামগ্রী পুড়ে গেছে।
সোমবার দুপুরে শিমরাইল এলাকায় এএসটি বেভারেজের জুস কারখানার গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি এবং ঢাকা হেড কোয়ার্টার্স থেকে একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
তবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুদামে কেমিক্যাল জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেভাতে বেগ পেতে হয়েছে।
“ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের পাশাপাশি আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।”
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) রুহুল করিম বলেন, আগুনে গুদামে রাখা লেবেল, ছিপি, প্লাস্টিকের বোতল, জুস ও তরল পানীয় তৈরির কেমিক্যালসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে।
“কাগজপত্র পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।”
