২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুভ না করতে রুয়েট ছাত্রলীগকে চাপ দেওয়া হয়’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের নেতা মো. সাইফুজ্জামান সোহাগ অভিযোগ করেছেন, তিনি ‘অপহৃত’ হওয়ার পর যাতে কোনো কর্মসূচি পালন করা না হয়- সেজন্য তার সংগঠনকে ‘চাপ’ দেওয়া হয়েছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইব্রাহীম খলিল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 06:56 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

পুরনো খবর:

রুয়েটের সোহাগের ‘খোঁজ মিলল’ চট্টগ্রামে
সোহাগ এখন থানায়
র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া রুয়েট ছাত্রের জন্য ‘মুক্তিপণ দাবি’
৯ দিনেও খোঁজ মেলেনি রুয়েট ছাত্র সোহাগের

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সোহাগ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। গত ৯ ডিসেম্বর রাজশাহীর বাসা থেকে র‌্যাব পরিচয়ে তাকে ‘তুলে নেওয়ার’ ১৪ দিন পর বুধবার চট্টগ্রামের মিরসরাইয়ে তার সন্ধান মেলে।   

বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অপহরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বেশ কিছু কর্মসূচি নিতে চাইলেও শেষ পর্যন্ত তারা পারেনি।

“কারণ আমাকে যারা ধরে নিয়ে গিয়েছিল, তারা তাদের ক্ষতি করার হুমকি দিয়েছিল বলে সংগঠনের নেতাকর্মীরা আমাকে জানিয়েছে।

“আমাকে অপহরণ করার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ যাতে আমার জন্য কোনো রকম মুভ না করে সেজন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছিল।”

পরিবারের অভিযোগ, ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র‌্যাব ও ডিবি লেখা পোশাক পরা সাত-আটজন লোক রাজশাহী নগরীর রাজপাড়ার তেরোখাদিয়া পশ্চিমপাড়ার বাসা থেকে সোহাগকে তুলে নিয়ে যায়।

পরদিন পুলিশ ও র‌্যাব এ ধরনের অভিযান চালানোর কথা অস্বীকার করলে সোহাগের বাবা আক্কাস উজ্জামান রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি এবং পরে ১৩ ডিসেম্বর অপহরণ মামলা করেন।

মামলার পর রাজপাড়া থানা পুলিশ ২০ ডিসেম্বর রুয়েট ছাত্র ইসফাক ইয়াসিফ ইপু (২১) এবং সাবেক ছাত্র ও প্রকৌশলী ফারজাদুল ইসলাম মিরনকে (২৮) গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ডেও পাঠায়।

‘অপহরণকারীরা’ সেসময় সোহাগের এক সহপাঠী ছাত্রীর কথা তাকে জিজ্ঞেস করেছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন তার মা শিরিন জামান।

এ বিষয়ে প্রশ্ন করলে সোহাগ বলেন, “হ্যাঁ। ওরা আমার এক মেয়ে বন্ধুর কথা বলেছিল। ওসিও আমাকে বলেছেন, ওই মেয়ের সঙ্গে অপহরণকারীদের একটা যোগসূত্র রয়েছে। যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ,তাদের কাছ থেকেও অনেক তথ্য পাওয়া যাবে।”

‘অপহরণকারীদের’ চেনেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমাকে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের দুই-তিন জনের চেহারা মনে আছে। তবে আগে তাদের দেখিনি।

“আমাকে প্রতিদিন মারা হতো। আমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে আমার মতো আরও কয়েকজন ছিল। তাদের কান্না আমার কানে ভেসে আসতো।”

সোহাগ বলেন, “আমাকে সবসময় বাথরুমে হাত ও চোখ বেঁধে ফেলে রাখত। কথা বলতে দিত না। যেদিন ছাড়া হলো সেদিন তিন চার ঘণ্টা ঘুরিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের ঠাকুরদীঘিতে ফেলে রেখে যায়। আর বাড়ি ফেরার জন্য পকেটে ৫০০ টাকা দিয়ে দেয়।”

সোহাগের বাবা আক্কাস উজ্জামান জানান, ‘মুক্তি পাওয়ার পর’ বৃহস্পতিবার দুপুরে তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে সোহাগকে তার ‘নিজ জিম্মায় ছেড়ে দেয়।

তিনি বলেন, “জীবনের সবকিছু দিয়ে মানুষ করা ছেলেকে ফিরে পেয়ে আমি যে কী ফিরে পেয়েছি, সেটা কোনো কথায় বোঝাতে পারব না।”

সোহাগকে ‘তুলে নিয়ে যাওয়ার’ পর বেশ কয়েকবার মুক্তিপণ দাবি করা হয় বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার বাবা।

আক্কাস উজ্জামান বলেন, “আমার ছেলেকে মুক্তি দিতে অজ্ঞাত নম্বর থেকে তিন দিন মুক্তিপণ চাওয়া হয়। যেদিন তাকে চট্টগ্রামে ফেলে রেখে যায়, তার আগের দিনও ওরা ৫০ লাখ টাকা দাবি করেছিল। আমরা সেসব তথ্য পুলিশকে জানিয়েছি।”

‘অপহরণকারীদের’ চিনতে পারার দাবি জানিয়ে তিনি বলেন, “কারা আমার ছেলেকে অপহরণ করেছিল, সেটা বুঝতে পেরেছি। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম বলতে চাই না।”