২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ এখন থানায়

‘অপহরণের’ ১৪ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগ রাজশাহীতে পৌঁছার পর তাকে থানায় নিয়ে রেখেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 12:54 AM

Updated : 12 Oct 2022, 04:44 PM

পুরনো খবর:

রুয়েটের সোহাগের ‘খোঁজ মিলল’ চট্টগ্রামে

‘অপহরণের’ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে বলে রাজপাড়া থানার ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।

“আগামীকাল (বৃহস্পতিবার) তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।”

সোহাগের বাবা আক্কাস উজ-জামান বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অপহরণকারীরা’ বুধবার ভোররাতে সোহাগকে চট্টগ্রামের মিরসরাই এলাকায় ফেলে রেখে যায়।

“মিরসরাই থেকে স্থানীয় লোকজনের সাহায্যে সোহাগ শ্যামলী পরিবহনের একটি বাসে করে ঢাকা পৌঁছায়। ঢাকা থেকে তার আত্মীয়রা তাকে নিয়ে দুপুর ১টার দিকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।”

আত্মীয়-স্বজন সোহাগকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাখাওয়াত হোসেন রানা সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার সময় সোহাগকে বিমর্ষ দেখালেও তিনি শারীরিকভাবে ভালো আছেন।

এ কারণে তাকে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোহাগকে গত ২০ ডিসেম্বর র্যাজব পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বলে তার পরিবার অভিযোগ করেছিলেন।

থানায় নেওয়ার আগে সোহাগ সাংবাদিকদের বলেন, “বাড়ি থেকে গাড়িতে তোলার পর আমার হাত-পা ও চোখ কাপড় দিয়ে বাঁধা হয়। তারপর গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় আড়াই থেকে তিন ঘণ্টা একটানা বেধড়ক মারধর করে।”

তিনি বলেন, ‘অপহরণকারীরা’ তাকে একটি বাসায় নিয়ে টয়লেটের ভেতরে হাত-পা বেঁধেই আটকে রাখে এবং মাঝেমধ্যে অল্পকিছু খাবার দিত।

সোহাগ হাসপাতালে পৌঁছানোর পর তার মা শিরিন জামান ও স্ত্রী ফারজানা রহমান তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।