রুয়েটের সোহাগের ‘খোঁজ মিলল’ চট্টগ্রামে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগের খোঁজ মিলেছে চট্টগ্রামের মিরসরাইয়ে; যাকে ১৪ দিন আগে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।
সোহাগের বাবা আক্কাস উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘অপহরণকারীরা’ বুধবার ভোররাতে তার ছেলেকে মিরসরাই এলাকায় ফেলে রেখে যায়। সেখান থেকে ভোর সাড়ে ৪টার দিকে সোহাগ নিজের ফোন থেকে রাজশাহীর বাসায় যোগাযোগ করেন।
“পরে স্থানীয় লোকজন তাকে শ্যামলী পরিবহনের একটি বাসে তাকে তুলে দেয়। আমাদের আত্মীয়রা সকালে ঢাকার কমলাপুরে শ্যামলী কাউন্টার থেকে সোহাগকে বাসায় নিয়ে যায়। দুপুর ১টার পর তারা রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।”
সোহাগের শারীরিক অবস্থা ‘তেমন ভালো নয়’ বলে জানান তার বাবা।
তবে তাকে উদ্ধারের বিষয়ে জানতে মিরসরাই থানায় যোগাযোগ করা হলে ওসি ইমতিয়াজ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র্যাব ও ডিবি লেখা পোশাক পরা সাত-আটজন লোক তেরোখাদিয়ার বাসা থেকে সোহাগকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের। তারা ৮০ হাজার টাকা দামের ক্যামেরা, ল্যাপটপ ও তার স্ত্রীর গয়নাও নিয়ে যায়।
পুলিশ ও র্যাব সেদিন এ ধরনের অভিযান চালানোর কথা অস্বীকার করে।
ঘটনার পরদিন সোহাগের বাবা আক্কাস উজ্জামান রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি ও পরে ১৩ ডিসেম্বর অপহরণ মামলা করেন।
সোহাগের জন্য ‘অপহরণকারী’রা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার শ্বশুরের কাছে ফোন করেছিল বলে আক্কাস উজ্জামান তখন জানিয়েছিলেন।
মামলার পর রাজপাড়া থানা পুলিশ ২০ ডিসেম্বর রুয়েটের ছাত্র ইসফাক ইয়াসিফ ইপু (২১) এবং সাবেক ছাত্র ও প্রকৌশলী ফারজাদুল ইসলাম মিরনকে (২৮) গ্রেপ্তার করে। পরদিন আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিন দিন করে রিমান্ডে পাঠায়।
রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহাগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তার বাড়ী রাজশাহী নগরীর রাজপাড়ার তেরোখাদিয়া পশ্চিমপাড়ায়।
