২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট ছাত্রলীগ নেতা অপহরণ: গ্রেপ্তার ২ জন রিমান্ডে

রুয়েট ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে তিন দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 11:09 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

তারা হলেন- রুয়েটের ছাত্র ইসফাক ইয়াসিফ ইপু (২১) এবং সাবেক ছাত্র ও প্রকৌশলী ফারজাদুল ইসলাম মিরন (২৮)।

রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘উন্নত প্রযুক্তি’ ব্যবহার করে রোববার সকালে ইপুকে রাজশাহীর নিজ বাড়ি থেকে এবং পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মিরনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি জানান, সোমবার পুলিশ তাদের রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক জুলফিকার উল্লাহ তিন দিন মঞ্জুর করেন।

ওসির আশা, মিরন ও ইপুকে জিজ্ঞাসাবাদে সোহাগ অপহরণ সম্পর্কে জানা যাবে।

মিরন ঢাকার দক্ষিণখান থানার ফাইজবাদ এলাকার আব্দুল আউয়াল খানের ছেলে ও রুয়েটের সাবেক শিক্ষার্থী এবং ইপু রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার শওকত আলীর ছেলে ও রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র‌্যাব পরিচয় দিয়ে ছয়-সাতজনের একটি দল নগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সোহাগকে তুলে নিয়ে যায়। এরপর থেকে সোহাগ নিখোঁজ রয়েছেন।