২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ দিনেও খোঁজ মেলেনি রুয়েট ছাত্র সোহাগের

‘র‌্যাব পরিচয়ে’ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠার পর ৯ দিন পেরিয়ে গেলেও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগের কোনো হদিস বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 08:47 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

ঘটনা তদন্তে অগ্রগতির কথা বললেও আইনশৃঙ্খলা বাহিনী সোহাগের সন্ধানের বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারেনি।

এদিকে তার পরিবার বলছে, সোহাগকে তুলে নেওয়ার পর দুদিন যে অচেনা নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়, ওই ফোন নম্বরটিও এখন বন্ধ পাওয়া যাচ্ছে।

রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহাগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তার বাড়ী রাজশাহী নগরীর রাজপাড়ার তেরোখাদিয়া পশ্চিমপাড়ায়।

গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র‌্যাব ও ডিবি লেখা পোশাক পরা সাত-আটজন লোক তেরোখাদিয়ার বাসা থেকে সোহাগকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের। তারা ৮০ হাজার টাকা দামের ক্যামেরা, ল্যাপটপ ও তার স্ত্রীর গয়নাও নিয়ে যায়।

পুলিশ ও র‌্যাব সেদিন এধরনের কোনো অভিযান চালায়নি বলে জানিয়েছে। ঘটনার পরদিন সোহাগের বাবা আক্কাস উজ্জামান রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি, পরে ১৩ ডিসেম্বর অপহরণ মামলা করেন।

আক্কাসউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহাগকে আজ প্রায় ১০ দিন র‌্যাব পরিচয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। সে কোথায় আছে, কেমন আছে আমরা এখনও কিছুই জানতে পারিনি।

“বরং তাকে ফিরে পেতে দুদিন আমাদের কাছে অচেনা নম্বর থেকে ফোন দিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এখন সেই নম্বরগুলোও বন্ধ রয়েছে।”

তার ছেলের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে ‘৭১ থেকে ৭৫ সালের পরিস্থিতির’ তুলনা করে তিনি বলেন, “তখন যদি কাউকে একবার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হত, তাহলে তার আর খোঁজ পাওয়া যেত না। স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও একই অবস্থা বিরাজ করছে।

“আমার ছেলে সরকার দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরেও তার কোনো খোঁজ আজও পাওয়া যাচ্ছে না। আমরা আসলে কোথায় আছি? এখন বোঝা যাচ্ছে এদেশে কারো নিরাপত্তা নেই।”

র‌্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি আমাদের যে সেকশনের তদন্ত করার কথা রয়েছে, তারা সেটা করছে। শীগগিরই তাদের অগ্রগতির কথা জানা যাবে।”

খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট আসবে বলে আশাপ্রকাশ করে রাজশাহীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহাগের বাবার দায়ের করা মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছি। বিষয়টির অনেকটা অগ্রগতিও হয়েছে।”

সাইফুজ্জামান সোহাগের মা শিরিন জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানুষের বাঁচার একটা অবলম্বন প্রয়োজন। আমাদের একমাত্র ছেলেকে ওরা নিয়ে গিয়ে বাঁচার সেই অবলম্বনটি কেড়ে নিয়েছে।

“আমার ছেলে যদি আসলেই কোনো ধরনের অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের মাধ্যমে বিচার করা হোক। আমরা আইনের ওপর শ্রদ্ধাশীল।’

সোহাগ রুয়েট ছাত্রলীগের নেতা হলেও এ ব্যাপারে ছাত্রলীগ কোনো কর্মসূচি পালন না করায় অনুযোগ প্রকাশ করলেন ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ পড়ুয়া সোহাগের স্ত্রী ফারজানা রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোহাগ সরকারদলীয় রাজনীতি করতো অথচ ও অপহরণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ একটা মানববন্ধনের মতো কোনো নিরীহ কর্মসূচিও পালন করেনি। ওর ক্লাসের কোনো বন্ধুও এর জন্য এগিয়ে আসেনি।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কোনো ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন ফারজানা।

এবিষয়ে রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, “সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই প্রশাসনের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাথেও এ বিষয়ে কথা বলেছি।

“বিষয়টি যতোদূর শুনেছি অগ্রগতির দিকে যাচ্ছে। তাই আমরা কোনো ধরনের কর্মসূচি দেইনি। যদি এটা বেশিদূর না এগোয় তাহলে আমরা দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করব।”

পুরনো খবর:

র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া রুয়েট ছাত্রের জন্য ‘মুক্তিপণ দাবি’
রুয়েট ছাত্রলীগের নেতাকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ