২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মেয়র প্রার্থীকে সাংসদের ভাইয়ের ‘হুমকি’

নাটোর সদর আসনে সরকার দলীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ছোট ভাই সাগর ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 09:17 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

বুধবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সদর থানার সামনে কর্মী সমর্থকদের উপস্থিতিতে এমপির ভাই সাগর আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ছাড়তে এবং নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে।”

বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যাচার বলে অভিহিত করে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল বলেছেন, তার ভাই ঘটনাস্থলেই ছিল না।

মামুন বলেন, বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর নাটোর থানার সামনে অবস্থান নিলে সাগরও লোকজন নিয়ে সেখানেই অবস্থান নেন। তাৎক্ষণিক বিষয়টি নাটোর পৌরসভার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদুল ইসলামকে মোবাইল ফোনে জানালে তিনি ঘটনাস্থলে আসেন।

পরে তিনি দুপক্ষের সঙ্গে কথা বলে কোনো ব্যবস্থা না নিয়েই চলে যান বলেও অভিযোগ করেন বিএনপির এ প্রার্থী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রহিম নেওয়াজ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জাসাস নাটোর জেলা শাখার সভাপতি হাবিবুল ইসলাম হেলাল এবং জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আতিকুল রহমান মুকুল।

এ ব্যাপারে জানতে চাইলে মুরাদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত থেকে সংঘাত না করে প্রচার চালানোর পরামর্শ দিয়েছি। এর পরেই দুপক্ষ স্থান ত্যাগ করেছে।

পুরনো খবর:

দিনাজপুরে বিএনপির মেয়র প্রার্থী ছুরিকাহত