২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন জাতীয় নির্বাচনের মহড়া: হান্নান শাহ

৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মহড়া হিসেবে দেখছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বুধবার গাজীপুরের শ্রীপুরে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদের নির্বাচনী প্রচারে গিয়ে তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, “পৌর নির্বাচন হল জাতীয় নির্বাচনের মহড়া। জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বুঝিয়ে দেবে জাতীয় নির্বাচন দেওয়া জরুরি হয়ে পড়েছে।”

সরকার ‘ভোট কারচুপিতে অভ্যস্ত’ হয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন সজাগ। ভোট ছিনতাই, ভোট ডাকাতদের মোকাবিলা করতে তারা প্রস্তুত।”

ভোটকেন্দ্রে ভোটারদের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এ পরিবেশ নিশ্চিত থাকলে কেউ ভোট ডাকাতির সাহস পাবে না।”

পৌরভোটের সংবাদ প্রচারে গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপের তাগিদ দেওয়া হয়েছে এ সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক সভায়। শনিবারের ওই সভায় ভোটের খবর প্রচারে গণমাধ্যমের জন্য নীতিমালা করে নির্দেশনা যায় কি না- তা ভেবে দেখার পরামর্শও দেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা।

এ প্রসঙ্গে হান্নান শাহ বলেন, “এটি বাস্তবায়িত হলে তারা সরকারের নীলনকশা পূরণ করার চেষ্টা করবে। পুলিশের এ আবেদনেই প্রমাণ হয় সরকার এখনও নীলনকশার ভেতরেই রয়েছে।”

পুরনো খবর:

ভোটে গণমাধ্যমের ওপর কড়াকড়ির তাগিদ
ভোটকক্ষে সাংবাদিক প্রবেশাধিকার নিয়ন্ত্রিত