২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে কৃষক হত্যায় ১৮ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কৃষক আব্দুল করিম হত্যা মামলায় ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার বিকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান পিপি এনতাজুল হক বাবু।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামের  মৃত উনুর ছেলে মনিরুল ইসলাম ও শান্তিজুল ইসলাম, সামসুদ্দিনের ছেলে বাইরুল, মৃত রুস্তম পালোয়ানের ছেলে আনছার আলী, মৃত ফজলুর ছেলে আনোয়ার ও সাদেকুল, মৃত মনতাজ আলীর ছেলে লাড্ডু, ইয়াছিনের ছেলে আলাউদ্দিন, মৃত সামসুদ্দিনের ছেলে আতাউর রহমান, মৃত কিনু মন্ডলের ছেলে বক্তার আলী, জালালের ছেলে মতিন, মহসিন আলীর ছেলে জালাল, আলাউদ্দিনের ছেলে বকুল ডাক্তার, কালুর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া ডাক্তার, চাচুর ছেলে বিশু, ছাইফুরের ছেলে আলম, তমিজউদ্দিনের ছেলে আলম ও হাবিল উদ্দিনের ছেলে বাইরুল।

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০ আসামিকে খালাস এবং মামলা চলাকালীন মারা যাওয়ায় একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান পিপি।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরও জানান, ২০১০ সালের ২৯ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুল করিমকে ধরে নিয়ে আটকে রেখে নির্যাতন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় করিমের ভাই নাইমুল হক বাদী হয়ে ৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

চলতি বছরের ৭ জুলাই মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।