দেশে আইএসের অস্তিত্ব নেই: আইজিপি
বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
মঙ্গলবার দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজি অফিস চত্বরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
জঙ্গি প্রতিরোধে জনসচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সোমবার বগুড়ায় পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইতোপূর্বে চট্টগ্রামেও জঙ্গিদের গ্রেপ্তার করা হয়। তদন্তে প্রত্যেকটি ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোপূর্বে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঠিক দায়িত্ব পালনে অনুষ্ঠিত সকল নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করেন তিনি।
নির্বাচনী আচরণবিধি লংঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন এবং পরের দিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
ধর্মীয় স্থাপনায় হামলার ব্যাপারে আইজিপি বলেন, অপরাধীরা অপরাধ করলে আগে কাউকে জানায় না। গোয়েন্দাদের যে তৎপরতা তা অত্যন্ত ‘মাইক্রো লেভেলের’।
মহানগর ও খুলনা রেঞ্জের ১০ জেলায় অপরাধ দমনে আধুনিক বিভিন্ন প্রযুক্তির সমাবেশ ঘটানোর কথা জানিয়ে পাশাপাশি পুলিশের পরিবহন সমস্যার সমাধানেরও আশ্বাস দেন।
এজন্য এক হাজার কোটি টাকার একটি ডিপিপি তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, র্যাব-৬ খুলনার কমান্ডিং অফিসর (সিও) অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ ১০ জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে আইজিপি শহীদুল হক নগরীর খালিশপুর থানা ভবন ও নবনির্মিত ডিআইজি অফিস ভবন উদ্বোধন এবং ডিআইজি অফিস মিলনায়তনে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
