বগুড়ায় ৪ ‘জেএমবি’ আটক
বগুড়া শহর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান মঙ্গলবার এ তথ্য জানান।
গ্রেপ্তাররা বগুড়ার গাবতলী উপজেলার কাকড়া গ্রামের ফজলে রাব্বি, তার ছেলে আহমেদ সাইফুলল্লাহ সাদিক, সদরের ছিলিমপুর গ্রামের ওসামা বিন আনিস ও ইমামুল সাকলাইন।
গাজিউর রহমান বলেন, শহরের সিলিমপুরে একটি বাড়িতে পোপন বৈঠকের সংবাদ পেয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই চারজনকে আটক করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।”
ফজলে রাব্বী গাবতলী উপজেলা জামায়াতের সাবেক আমির। আহম্মেদ সাইফুলল্লাহ সাদিক একই উপজেলার শিবিরের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন বলেও জানান তিনি।
