২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ: আইজিপি

জঙ্গিবাদ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মন্তব্য করে এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 08:48 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সোমবার খুলনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “কিছু যুবককে বিভ্রান্ত এবং তাদের ভুল বুঝিয়ে জঙ্গিবাদী কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। তাদের বোঝানো হচ্ছে মসজিদে ঢুকে মানুষ হত্যা করলে বেহেশতে যাওয়া যাবে। কিন্তু ইসলাম ধর্ম এটি কখনোই সমর্থন করে না।”

এসব বিপথগামী যুবকদের ভালো পথে ফিরিয়ে আনতে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের কাজ করার আহ্বান জানান তিনি।

জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কমিউনিটি পুলিশ সদস্যদের মধ্যে ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে বলেন তিনি।

নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর ও খুলনা রেঞ্জের কমিউনিটি পুলিশ ফোরামের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আরও বলেন, সুন্দর সমাজ গড়ে তোলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। সুন্দর বসবাসযোগ্য সমাজ গড়তে সমাজের প্রতিটি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে সংগঠিত হতে হবে।

কমিউনিটি পুলিশিং কমিটিতে এক তৃতীয়াংশ নারী অন্তর্ভুক্ত করার আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক শহীদুল।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এসএম মনির-উজ-জামান, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, খুলনা জেলা পুলিশিং ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু প্রমুখ।