‘আগামী সংসদ অধিবেশনেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা’
পাকিস্তান একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করায় আগামী সংসদ অধিবেশনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার নড়াইলে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর করার পর পাকিস্তান পার্লামেন্ট নিন্দা জানিয়েছে।
“এর চেয়ে লজ্জার আর কী হতে পারে! তারা বলেছে, বাংলাদেশে নাকি কোনো গণহত্যা হয় নাই, কোনো নারী ধর্ষিতা হয় নাই, কোনো মানুষ তারা মারে নাই, মুক্তিযুদ্ধও আমরা করি নাই।
“পাকিস্তানের এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের আমরা কেবল নিন্দা করি তা নয়, শুধু প্রত্যাখ্যান করি তা নয়; আগামী সংসদ অধিবেশন এই জানুয়ারি মাসেই বসবে, সেই সময় সংসদে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- এটাই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা।”
গত ২২ নভেম্বর বুদ্ধিজীবী হত্যাকারী বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর 'উদ্বেগ' প্রকাশ করে বিবৃতি দেয় পাকিস্তান। এরপর ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে 'কড়া প্রতিবাদ' জানানো হয়।
এর এক সপ্তাহের মধ্যে পাকিস্তানও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে।
এ ধরনের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ আখ্যায়িত করে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এরইমধ্যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে অবস্থান জানিয়ে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, “পাকিস্তান যদি এমনি ধরনের কথা বলতে থাকে, আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, তাকে অস্বীকার করে, তাহলে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক-এটা থাকতে পারে না। এটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে ইতোমধ্যেই।”
মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া কমান্ড আয়োজিত সমাবেশে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা ছিল রহস্যজনক। তিনি প্রধান সেনাপতিকে বলেছিলেন, তিনি কোনো নেতার পক্ষে যুদ্ধে যাবেন না। এ কারণে ওসমানী সাহেব তাকে (জিয়াউর রহমানকে) বরখাস্ত করেছিলেন, যা জনগণ জানে না।”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “অল্প কিছু দিনের মধ্যে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা করা হচ্ছে। এছাড়া দুই ঈদে বোনাস দেওয়া হবে। এখন থেকেই অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের এবং জুলাই থেকে সকল মুক্তিযোদ্ধাদের বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে।”
মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া কমান্ডের সভাপতি ফকির মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সহ-সভাপতি ইসমত কাদির গামা, কেন্দ্রীয় নেতা এসএম মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএম গোলাম কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস বক্তব্য দেন।
