নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় যুবক খুন
নেত্রকোণার কেন্দুয়ায় ব্যক্তিগত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সান্ধিকোণা ইউনিয়নের পেরীরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান।
নিহত আমিনুল ইসলাম (২৬) ওই এলাকার নায়েব আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে আমিনুলের সঙ্গে একই গ্রামের জনাব আলীর ছেলে দুদু মহুরীর বিরোধ চলছিল।
“এর জেরে সকালে অমিনুল জমিতে কাজ করার সময় তাকে বল্লম মেরে জখম করে পলিয়ে যায় দুদু ও তার সমর্থকেরা।”
পরে স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “আমিনুলের মাথা, পেট ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
