গোপালগঞ্জে ইউপি মেম্বরের বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জের মুকসুদপুরে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে।
মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানন, সোমবার গভীর রাতে উপজেলার কাশালিয়া ইউনিয়নের পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শুকুর আলী খানের বাড়িতে এই ঘটনা ঘটে।
ডাকাত দলের হামলায় শুকুর আলীর মা রিজিয়া বেগম (৫৮) ও বোন শেফালী বেগম (২৫) আহত হন।
তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
শুকুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে তার মা রিজিয়া বেগম টয়লেটে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে বের হন। এই সুযোগে ৭/৮ জন ডাকাত তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।
“তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। বাধা দিতে গেলে তারা আমার মা ও বোনকে মারধর করে।”
তাদের চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায় বলে জানান শুকুর।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে ওসি আজিজুর জানান।
