খাগড়াছড়ি মুক্ত দিবস ১৫ ডিসেম্বর
১৫ ডিসেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ি মুক্ত দিবস। একাত্তরের এ দিনে হানাদারমুক্ত হয় খাগড়াছড়ি।
দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক কর্মসূচি পালন করছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রইস উদ্দীন বলেন, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় পাকবাহিনী খাগড়াছড়ি বাজার লুটপাট করে মহালছড়ির দিকে চলে যায়। পরদিন সকাল ১০টায় পুরো খাগড়াছড়ি মহকুমা শহর দখল করে মুক্তিবাহিনী।
“ওইদিন মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।”
এরপর থেকেই খাগড়াছড়িতে প্রতি বছর ১৫ ডিসেম্বরে হানাদারমুক্ত দিবস পালিত হয়ে আসছে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী বলেন, “১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ভাইবোনছড়া থেকে খাগড়াছড়ি পুরো শত্রুমুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি।”
