২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদারমুক্ত দিবস

১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদারমুক্ত দিবস। এই দিনে সাবেক কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার আছাদুজ্জামান বাঘা বাবলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তৎকালীন ডাকবাংলো মাঠে পতাকা উত্তোলন করে জয়পুরহাটকে শত্রুমুক্ত ঘোষণা করেন। সে সময় জেলার বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা পাকসেনারা প্রাণভয়ে বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জের দিকে পালিয়ে যায়।

মোমেন মুনি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 11:51 AM

Updated : 12 Oct 2022, 04:41 PM

কয়েকজন মুক্তিযোদ্ধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জয়পুরহাটের মুক্তিযুদ্ধের নানা ঘটনা।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন বলেন, “জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর ও ক্ষেতলাল থানার বিভিন্ন এলাকায় হানাদাররা যে তাণ্ডব চালায় তা স্মরণ করলে আজও শিউরে উঠি।”

ভুক্তভোগী পরিবারগুলো সে কথা কোনো দিন ভুলবে না বলে তিনি মনে করেন।

“১৯৭১ সালের ১ মার্চ জয়পুরহাট সরকারি কলেজ, ডাক্তারখানা মাঠ, পাঁচবিবির ফুটবল মাঠ ও আক্কেলপুর হাইস্কুল মাঠে বড় সভা-সমাবেশ ছাড়াও স্বাধীনতার জন্য সারাদেশের সাথে উত্তাল হয়ে ওঠে সারা জয়পুরহাট।

“২৪ এপ্রিল পাকসেনারা গভীর রাতে বগুড়ার সান্তাহার থেকে ট্রেনযোগে এসে দখল করে নেয় তৎকালীন মহকুমা শহর জয়পুরহাট। ২৫ এপ্রিল থেকে শুরু হয় হানাদার বাহিনীর অগ্নিসংযোগ, ধর্ষণ আর নির্বিচার হত্যাযজ্ঞ।

“১৯৭১ সালের ২৬ জুলাই ডা. আবুল কাশেমকে গুলি করে হত্যা করা হয়। তাই জয়পুরহাট শহরের কেন্দ্রস্থলে যে মাঠটি আছে তার নাম রাখা হয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান।”

এখানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১৯৯১ সালে নির্মাণ করা হয় জয়পুরহাট স্মৃতিসৌধ। মৃক্তিযুদ্ধের বছর ৭১-এর সঙ্গে মিল রেখে স্মৃতিসৌধের উচ্চতা নির্ধারণ করা হয় ৭১ ফুট।

জয়পুরহাট শহর থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে কড়ই ও কাদিপুর নামের ছোট দুটি গ্রাম।

এই গ্রাম সম্পর্কে আদিবাসী মুক্তিযোদ্ধা বুদু মুণ্ডা জানান, ১৯৭১ সালের ২৬ এপ্রিল সোমবার ১০টার দিকে স্থানীয় রাজাকার-আলবদরদের সহায়তায় হানাদাররা সাড়ে তিন শতাধিক হিন্দু মৃৎশিল্পীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়।

তাদের স্মরণে সম্প্রতি এখানে নির্মাণ করা হয়েছে শহীদ স্মৃতিসৌধ।

জয়পুরহাট শহর থেকে ১৫ কিলোমিটার দূরে পাগলা দেওয়ান গ্রাম। ১৯৭১ সালের ১৮ জুন জুমআর নামাজ শেষে বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩০০ মানুষকে ধরে এনে পাকসেনারা তাদের গলা কেটে হত্যা করে এখানে পুঁতে রাখে বলে বুদু মাণ্ডা জানান ।

“এছাড়া মুক্তিযুদ্ধের নয় মাসে এই গ্রাম দিয়ে হাজার হাজার নিরীহ নারী-পুরুষ ও শিশু নিরাপদ আশ্রয়লাভের জন্য ভারত যাওয়ার পথে এবং আশপাশের সীমান্ত এলাকা থেকে ধরে এনে হত্যা করে পাকবাহিনী।”

দেশ স্বাধীন হওয়ার পর পাগলা দেওয়ানে একটি শহীদ মিনার এবং ১৯৯৬ সালে দুটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

“অন্যদিকে স্থানীয় রাজাকাররা শহরের শহরলাল বাজলার গদিঘরে নির্মিত টর্চার সেলে মুক্তিযোদ্ধাদের উপর চালাত অমানবিক নির্যাতন।” বলেন মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাকির হোসেন।

তিনি বলেন, ২০ এপ্রিল হানাদার সৈন্যরা প্রথম পাঁচবিবি থানা দখল করে এবং ওই দিন থেকে নির্বিচারে গুলি চালিয়ে হতাহত করে প্রচুর মানুষকে।

“পাঁচবিবির পুরাতন সিও অফিস, বকুলতলা, নন্দাইল ও বাগজানাসহ জেলার ১৩টি বধ্যভূমিতে ২৪ এপ্রিল থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চালায় নারকীয় হত্যাযজ্ঞ।

“১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি পালায়নরত কিছু লোককে ভারতীয় সীমানায় রেখে আসার পথে ১৬-১৭ জন গাড়োয়ানকে আটক করে হানাদাররা।

“পরে তাদের বাঁশের মোটা গোড়া দিয়ে পিটিয়ে হত্যা করা হয় আক্কেলপুরে। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ খোকনসহ ১৫ মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে হানাদাররা।”

জেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার আমজাদ হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাট ছিল ৭ নম্বর সেক্টরে। অগাস্ট পর্যন্ত এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক। পরে ডিসেম্বর পর্যন্ত মেজর কাজী নূরুজ্জামান।

তিনি আরও জানান, ১৪ ডিসেম্বর অবশেষে মুক্তিযোদ্ধাদের গেরিলা ও সম্মুখ আক্রমণে পিছু হটতে থাকে পাকসেনারা। পরাজয় নিশ্চিত জেনে রাতের আঁধারে পালিয়ে যায় বগুড়ার দিকে। এরপর পাঁচবিবি থানার ভারত সীমান্ত ঘেঁষা ভুঁইডোবা গ্রাম হয়ে জয়পরহাটে বীরদর্পে প্রবেশ করেন কোম্পানি কমান্ডার আসাদুজ্জামান বাঘা বাবলুর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধা গেজেটে জয়পুরহাট সদর উপজেলায় ২১২ জন, পাঁচবিবিতে ১৭১ জন, ক্ষেতলালে ৫১ জন, কালাইয়ে ৮ জন ও আক্কেলপুরে ৩৪৫ জন মুক্তিযোদ্ধার নাম দেখা যাচ্ছে।

তাদের মধ্যে বর্তমানে ২৭ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ ১৭৪ জন মুক্তিযোদ্ধা ভাতা পান বলে জানান কমান্ডার আমজাদ।