পিটিয়ে ৮ ‘ডাকাত’ হত্যা: একজনের স্বীকারোক্তি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালের আড়তে ‘ডাকাতির’ ঘটনায় গ্রেপ্তার একজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির ঘটনায় গ্রেপ্তার লোকমান রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।”
লোকমান চাঁদপুরের নাজীপুর এলাকার ওসমান বেপারীর ছেলে।
বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে একটি চালের আড়তে ‘ডাকাতি চেষ্টার পর’ আটজনকে পিটিয়ে হত্যা করে জনতা।
এ সময় আহত হন সাব্বির (২৫), সজিব (২৬), মানিক (৩২) এবং লোকমান (২৮)।
ডাকাতির ঘটনায় আড়াইহাজার থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের করা হত্যা মামলায় কয়েক হাজার লোককে আসামি করা হয়।
অপর মামলা করেন ভাই ভাই ট্রেডার্সের মালিক এম এ গফুর। তার করা ডাকাতির মামলায় নিহত আট ও গ্রেপ্তার চার জনসহ ২০/২৫ জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার সকালে জনতার পিটুনিতে আহত লোকমানকে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
