২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে গণপিটুনি: ‘ক্ষোভ থেকেই হত্যা’

অতীতে ডাকাতির বিভিন্ন ঘটনার পর পুলিশের নির্লিপ্ততায় জমে থাকা পুরনো ক্ষোভ থেকেই নারায়ণগঞ্জের পুরিন্দা বাজারে বৃহস্পতিবার গণপিটুনির ঘটনা ঘটে বলে ধারণা এলাকাবাসীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 12:38 PM

Updated : 26 Jul 2022, 12:09 PM

এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়াইহাজারে ডাকাত নেই বলে পুলিশ দাবি করলেও প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ করেছেন তারা।

গত বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের পুরিন্দা বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’ নামে একটি চালের আড়তে ‘ডাকাতি চেষ্টার’ পর আটজনকে পিটিয়ে হত্যা করে জনতা। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও চারজনকে।

‘ভাই ভাই ট্রেডার্স’ থেকে কিছু দূরে আরেকটি চালের আড়ত ‘হানিফ অ্যান্ড ব্রাদার্স’র মালিক মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ নভেম্বর পুরিন্দা বাজার থেকে এক কিলোমিটার দূরে বাগবাড়ি বাজারে তার আরেকটি চালের আড়তে একই কায়দায় ডাকাতি হয়।

“ওই দিন ভোর সাড়ে তিনটায় ডাকাতরা আমার দারোয়ানের হাত-পা বেঁধে দোকান থেকে ১৯৬ বস্তা চাল নিয়ে যায়।”

এ ব্যাপারে তিনি থানায় ডাকাতির মামলা করতে গেলেও পুলিশ চুরির মামলা নেয় বলে ক্ষোভ প্রকাশ করেন শামসুদ্দিন।

“চুরির মামলায়ও যদি আসামি গ্রেপ্তার হত, আমার আফসোস থাকত না। কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয়নি। চালও উদ্ধার হয়নি।”

তিন বছর আগে এই পুরিন্দা বাজার থেকেই ডাকতরা তার ৩০০ বস্তা চালসহ একটি ট্রাক নিয়ে যায় বলে তিনি জানান।

‘পুলিশকে বললে কোনো লাভ হয় না’ বলে ওই ঘটনায় মামলা করেননি শামসুদ্দিন।

বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসক এনামুল হক বলেন, “ভাই, মানুষ মারা খারাপ। আমরা এটা সমর্থন করি না। কিন্তু হাজার হাজার মানুষ উত্তেজিত হয়ে গেলে তখন আর কিছুর নিয়ন্ত্রণ থাকে না।”

এই উত্তেজনার জন্য তিনি পুলিশকে দায়ী করে বলেন, “পুলিশ বলে আড়াইহাজারে নাকি ডাকাত নেই। অথচ প্রায়ই ডাকাতি ঘটছে। টেকপাড়ায় কয়েক মাস আগেও এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাগবাড়িতে এক মাস আগে চালের দোকানে ডাকাতি হল।

“আবার ডাকাতির ব্যাপারে মামলা হলে তা ১০-১৫ বছর বয়ে বেড়াতে হয়। উল্টো হয়রানি। এ কারণে মানুষ হয়ত ক্ষুব্ধ হয়ে গণপিটুনি দিয়ে ডাকাতদের মেরে ফেলেছে।”

টেকপাড়ার তাঁতশ্রমিক কামিজ উদ্দিন জানালেন, পুলিশ মাঝে মধ্যে ডাকাতদের ধরলেও দুই-তিন মাস পরই তারা ছাড়া পেয়ে যায়।

বৃহস্পতিবার পুলিশ সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হলে এতগুলো মৃত্যুর ঘটনা ঘটত না বলে মনে করেন সরকার স্টোরের আমিনুল ইসলাম সরকার।

তবে আড়াইহাজার থানার এসআই মো. আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, “খবর পাওয়ার পর দ্রতই আমরা সেখানে গিয়েছি। লোকবল কম থাকায় পুলিশ হাজার হাজার মানুষকে থামাতে পারেনি।

“তবু আমাদের তৎপরতার কারণেই আমরা চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছি।”

বৃহস্পতিবারের ঘটনায় মামলা হয়েছে দুটি। এর একটির বাদী এসআই আব্দুল্লাহ আল মামুন। এই মামলায় অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে ডাকাতির ঘটনায় ‘ভাই ভাই ট্রেডার্স’র মালিক এমএ গফুর নিহত আটজন ও গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি আরেকটি মামলা করেছেন।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে পিটুনিতে ৮ মৃত্যু: ২ মামলা
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে ৮ জনকে পিটিয়ে হত্যা