নারায়ণগঞ্জে পিটুনিতে ৮ মৃত্যু: ২ মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে পিটুনিতে আটজনের মৃত্যুর ঘটনায় দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানায় মামলা দুটি দায়ের করা হয় বলে জানান নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. জহিরুল ইসলাম।
আড়াইহাজার থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের করা হত্যা মামলায় কয়েক হাজার লোককে আসামি করা হয়েছে।
অপর মামলা করেন ভাই ভাই ট্রেডার্সের মালিক এম এ গফুর। তার করা ডাকাতির মামলায় নিহত আট ও গ্রেপ্তার চার জনসহ ২০/২৫ জনকে আসামি করা হয়।
পুলিশের হত্যা মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে ২০/২৫ জনের একদল ডাকাত হানা দেয়।
ডাকাতরা চাল ট্রাকে তোলার সময় বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে উত্তেজিত কয়েকহাজার লোক ধাওয়া করে ডাকাতদের আটক করে পিটুনি দেয়।
এতে ঘটনাস্থলেই ৮ ডাকাতের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় একটি চালের আড়তে ‘ডাকাতি চেষ্টার পর’ আটজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তাদের মধ্যে একজনকে থানায় নেওয়া হয়।
নিহতদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। এরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার আলমপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে রনি ওরফে গঠন (৪০), ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানার মধ্য বাড়েবা আকুয়ার রোবেল (২৫), টিটু (৩০) ও শওকত ।
