সিলেটে ট্রাক ধর্মঘট চলছে
সিলেট-জাফলং সড়ক সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল থেকে নগরীর ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ূন রশীদ চত্বর থেকে নগরীর প্রবেশমুখ চণ্ডিপুল পয়েন্ট পর্যন্ত সড়কে ট্রাক রেখে অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
সকালে শ্রমিকরা ওই সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করে।
তবে নগরীর কোথাও ট্রাক চলাচল না করলেও বিকল্প সড়ক দিয়ে নগরীতে অন্য সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, সিলেট-জাফলং সড়ক সংস্কার ও পুলিশের চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রোববার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ধর্মঘট করছিল শ্রমিকরা।
“রোববার রাত ১১টার দিকে চণ্ডিপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের উপর হামলা করে তাড়িয়ে দেয়।এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন।”
দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রাক ধর্মঘট চলবে বলে জানান দিলু মিয়া।
ট্রাক, পিকআপ ও কভার্ড ভ্যান ছাড়া অন্য গণপরিবহন ধর্মঘটের আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বলেন, ট্রাক শ্রমিকদের ধর্মঘট ও দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাক শ্রমিকদের দাবিগুলো মধ্যে রয়েছে, বিভিন্ন স্থানে অবৈধ বাঁশকল বসিয়ে চাঁদা আদায়, শ্রমিক নির্যাতন বন্ধ, হাইওয়ে পুলিশের ‘চাঁদাবাজি’ বন্ধ ও সিলেট-ভোলাগঞ্জ, সিলেট-জাফলং সড়ক সংস্কার।
