ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভোলার বোরহান উদ্দিনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে চারজনকে ভোলা সদর হাসপাতালে এবং অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, সকালে জেলার তজুমদ্দিন থেকে ‘জোনাকি পরিবহনের’ একটি বাস ভোলা সদরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসটির এক যাত্রীর মৃত্যু হয়।
সাড়ে ১১টার দিকে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
