২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে থানা থেকে পালানো আসামি গ্রেপ্তার, নতুন মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 10:49 AM

Updated : 22 Aug 2022, 02:14 PM

শনিবার রাত ২টার দিকে বন্দর এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয় বলে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরফুদ্দিন জানিয়েছেন।

একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে থাকা কবিরকে শনিবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজত থেকে বের করার পর তিনি পালিয়ে যান বলে জানিয়েছিল পুলিশ।  

এএসপি শরফুদ্দিন বলেন, “শনিবার বিকাল থেকে কবিরকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। রাতে বন্দরের ফরাজীকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

থানা থেকে পালানোর অভিযোগে রোববার সকালে কবিরের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

গত বছর ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকার একটি ডোবা থেকে রকিব নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের পরিবারের করা হত্যা মামলার চার নম্বর আসামি কবির হোসেন।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। গত ২৯ নভেম্বর গ্রেপ্তারের পর শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় পুলিশ।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে থানা থেকে হত্যা মামলার আসামির ‘পলায়ন’