নৌকার অবস্থান শনাক্ত, খোঁজ মেলেনি কারো
নারায়ণগঞ্জ সদরে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকার অবস্থান শনাক্ত হলেও নিখোঁজ পাঁচজনের কারো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যা ৬টায় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে নারায়ণঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিনমনি বলেন, রোববার সকালে উদ্ধার অভিযান আবার শুরু হবে।
সকালে সদরের ডিগ্রির চর এলাকায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা লঞ্চের ধাক্কা খেয়ে ডুবে গেলে পাঁচজন নিখোঁজ হন। এঘটনায় আহত হন কমপক্ষে ১০ জনকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিখোঁজরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান (৫০), তার মেয়ে মৌসুমী আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২) এবং মুন্সীগঞ্জের পশ্চিম মোক্তারপুর এলাকার আব্দুল কাদির এবং সেলিম মিয়া। সেলিমের ঠিকানা জানা যায়নি।
ঘটনার প্রায় চার ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজদের সন্ধানের নদীতে তল্লাশি ঘটনাস্থলে তল্লাশি শুরু করে।
সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি বুড়িগঙ্গার পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে যাচ্ছিল। মাঝপথে লঞ্চের ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়।
ছবি: আসিফ মাহমুদ অভি
ওই নৌকায় থাকা নিখোঁজ সেলিমের স্ত্রী লুৎফা বেগম বলেন, তারা বক্তাবলীর রাধানগরে লেংটা পাগলার মাজারে ওরসে অংশ নিতে এসেছিলেন। ওরস শেষে ভোর পৌনে ৬টার দিকে ঘন কুয়াশার মধ্যে ৪০-৫০ জন যাত্রী নিয়ে রাধানগর ঘাট থেকে নৌকাটি ছাড়ে। পথে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। তিনি সাঁতরে কূলে উঠতে পারলেও স্বামী-সন্তানদের খোঁজ পাচ্ছেন না।
তার স্বামী সেলিম ও মেয়ে মৌসুমী ওরসে গান গাইতো বলে জানান লুতফা।
তার অভিযোগ, ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হলে তাদের সন্ধান পাওয়া যেত।
একই নৌকার যাত্রী বন্দরের শাহী মসজিদ এলাকার সেলিম বলেন, তারা অনেকে একসঙ্গে মাজারে ওরসে অংশ নিতে আসেন। তিনিও সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
তবে ঘটনার অনেক পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিনমনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নৌকাডুবির খবর পেয়েছেন সকাল সাড়ে ১০টার দিকে। এর পর থেকে পাঁচজন ডুবুরি নদীতে তল্লাশি চালান।
